![]() |
| ছবিঃ মিরর নিউজ |
দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
ভোলার দৌলতখান উপজেলার রাধাবল্লভ (বাংলাবাজার) সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদারকরণের লক্ষ্যে একদিনের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) রাধাবল্লভ (বাংলাবাজার) সাব-রেজিস্ট্রি অফিসকক্ষে অর্ধবেলাব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন সাব-রেজিস্ট্রার মোঃ মামুন সিকদার।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন রাধাবল্লভ (বাংলাবাজার) সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী মোঃ ইকবাল হোসেন ও বাংলাবাজার দলিল লিখক সমিতির সভাপতি মোঃ সফিউল্যাহ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সনদপ্রাপ্ত দলিল লেখকদের উদ্দেশ্যে সাব-রেজিস্ট্রার মোঃ মামুন সিকদার বলেন, "মানুষ তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে জমি ক্রয় করেন এবং তা বংশপরম্পরায় নির্বিঘ্নে ভোগদখল করার জন্য একজন দলিল লেখকের শরণাপন্ন হন। একজন দলিল লেখক হিসেবে আপনাদের প্রধান দায়িত্ব হলো জমির সমস্ত কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা। নির্ভুলভাবে দলিল লিখে, সঠিক বাজারমূল্য নির্ধারণ করে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফিসহ যাবতীয় সরকারি ফি সোনালী ব্যাংকের মাধ্যমে পে-অর্ডার করে দলিলের সাথে সংযুক্ত করতে হবে।"
তিনি আরও সতর্ক করে বলেন, "আপনাদের কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ ও দায়িত্বশীল হতে হবে যাতে কোনো প্রকার অতিরিক্ত অর্থ আদায় বা জনহয়রানির অভিযোগ না ওঠে। কোনো দলিল বা আইন বুঝতে সমস্যা হলে সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পরামর্শ নিতে পারবেন।"
কর্মশালায় প্রশ্নোত্তর পর্বে দলিল লিখক মঞ্জুর মোর্শেদের এক প্রশ্নের জবাবে সাব-রেজিস্ট্রার নাবালকের (১৮ বছরের নিচে) সম্পত্তি হস্তান্তরের নিয়ম ব্যাখ্যা করেন। তিনি জানান, মুসলিম আইন অনুযায়ী নাবালকের সম্পত্তি হস্তান্তরে পিতা এবং পিতার অবর্তমানে মাতা বা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবকই কেবল দায়িত্ব পালন করতে পারেন। তবে বিশেষ ক্ষেত্রে সম্পত্তি নিবন্ধনের পূর্বে অবশ্যই আদালতের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দলিল লিখক মোঃ নাজমুল হাসান, মোঃ শাহাবুদ্দিন, মোঃ শরীফুল ইসলাম, বেলায়েত হোসেন, মোঃ জাবেদ, মোঃ মোসেদুল ইসলাম ও মোঃ জামাল উদ্দিন রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং প্রশিক্ষক ধৈর্যের সাথে সেগুলোর আইনি ব্যাখ্যা প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে দলিল লেখকরা বর্তমান সাব-রেজিস্ট্রারের কর্মদক্ষতা ও আচরণের প্রশংসা করে বলেন, "বর্তমান সাব-রেজিস্ট্রার মহোদয় অত্যন্ত অভিজ্ঞ ও মানবিক একজন কর্মকর্তা। তিনি সেবাগ্রহীতা ও দলিল লেখকদের সাথে সবসময় বিনয়ী ও ভদ্র আচরণ করেন। তাঁর দিকনির্দেশনায় আমরা নির্ভুলভাবে কাজ করার নতুন প্রেরণা পেয়েছি।" তারা সাব-রেজিস্ট্রার মোঃ মামুন সিকদারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

0 মন্তব্যসমূহ